বিনোদন

বারবার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে করায় আমিরকে নিয়ে ভারতে বিক্ষোভ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

বারবার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে করায় আমিরকে নিয়ে ভারতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বার বিয়ে করায় ভারতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি দুই প্রাক্তন স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি।

এই বিয়ের পরই ভারতের বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিহারের ফোর্বসগঞ্জ এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতাকর্মীরা আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় তারা তার কুশপুত্তলিকা দাহ করেন এবং ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তোলেন। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে সংগঠনটির নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তার দাবি, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি আরও প্রশ্ন তোলেন, কেন অভিনেতা মুসলিম নারীদের পরিবর্তে হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। তার মতে, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হতে পারে এবং এ বিষয়ে সরকার ও আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন।

সম্প্রতি ব্যক্তিগত আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। জানা গেছে, গৌরীর মা তামিল ও বাবা আইরিশ বংশোদ্ভূত। তার দাদা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন এবং পেশায় একজন প্রশিক্ষিত হেয়ারড্রেসার। গৌরীর আগের সংসারে একটি ছয় বছর বয়সী সন্তান রয়েছে। বর্তমানে তিনি আমির খান ফিল্মসের সঙ্গে যুক্ত থেকে প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।