বিনোদন

আরিফিন শুভর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন বিন্দু


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

আরিফিন শুভর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন বিন্দু
আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী আফসান আরা বিন্দুর সম্পর্ক একসময় শোবিজ অঙ্গনে বেশ আলোচিত ছিল। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে একাধিক কাজে জুটি বেঁধে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে সেই সম্পর্ক টেকেনি। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর অবশেষে প্রথমবারের মতো মুখ খুললেন বিন্দু।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে শুভর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানান তিনি। সঞ্চালকের প্রশ্নে কিছুটা দ্বিধায় পড়লেও বিন্দু বলেন, আজও নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পান না কেন তাদের সম্পর্কের ইতি টেনেছিল।

shuvo_bindu1_Dhakaprokash.jpg

বিন্দুর ভাষায়, তখন তারা দুজনই খুব অল্প বয়সী ছিলেন এবং কাজ নিয়েই পুরোপুরি ব্যস্ত থাকতেন। তিনি বলেন, “দুজন মানুষের পথ যে শেষ পর্যন্ত একই জায়গায় গিয়ে মিলবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম, ব্যক্তিগত জীবনের জন্য আলাদা করে ভাবার সুযোগই ছিল না।”

তার কথায় ইঙ্গিত পাওয়া যায়, পেশাগত ব্যস্ততা ও ক্যারিয়ারের প্রতি অতিরিক্ত মনোযোগই হয়তো তাদের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করেছিল।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘উনিশ২০’-এ আবারও একসঙ্গে কাজ করেছেন আরিফিন শুভ ও বিন্দু। তাদের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

ব্যক্তিগত জীবনে বিন্দু ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকছিলেন এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।