বিনোদন
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বুবলী, স্থগিত সিনেমার শুটিং
চলতি বছরেই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পর আবারও গর্ভবতী হয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্র ও সহশিল্পীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, বুবলীর মাতৃত্বকালীন অবস্থার কারণেই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। সিনেমার প্রথম লটে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন বুবলী। তবে শুটিংয়ের বাকি অংশে তিনি অংশ নেবেন সন্তান জন্মের পর।
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, “রমজান মাসে দ্বিতীয় লটের শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বুবলীর অনুপস্থিতিতে সেটি সম্ভব হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুবলীর শিডিউল জুন পর্যন্ত ঠিক করা হয়েছে। সন্তান জন্মের পর দ্রুত শুটিংয়ে ফেরা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। সে কারণে সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরুর চিন্তা করা হচ্ছে।”
প্রসঙ্গত, সন্তান জন্ম দিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্ট হওয়ায় মা হওয়ার গুঞ্জন আবারও আলোচনায় আসে। যদিও এসব বিষয়ে বুবলী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এবং নিজেকে রেখেছেন রহস্যে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে চিত্রনায়ক শাকিব খানও নীরব রয়েছেন।
বুবলীর ক্যারিয়ার শুরু থেকেই নানা আলোচনা ও বিতর্কে ঘেরা। ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে আসেন। পরবর্তীতে প্রেম, বিয়ে ও সন্তান জন্মের খবরও নিয়মিত জায়গা করে নেয় শিরোনামে।