বিনোদন

কন্যাসন্তানের মা হলেন বুবলী?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

কন্যাসন্তানের মা হলেন বুবলী?
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে আবারও মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা।

এই গুঞ্জনের সূত্রপাত কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি পোস্ট থেকে। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

পোস্টটি প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই ধরে নেন, বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বুবলী বা তার স্বামী শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

অন্যদিকে বিভিন্ন মাধ্যমে সন্তান জন্মদানের দাবি করা হলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

এ বিষয়ে এক অনুষ্ঠানে অ্যাডলফ খান জানান, তিনি ব্যক্তিগতভাবে বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি তিনি ব্যক্তিগত সূত্রে জেনেছেন এবং সংশ্লিষ্টরা যেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান এটাই তিনি চান। এর বেশি কিছু বলা তিনি ঠিক মনে করেন না।

কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো কাজেও তাকে দেখা যাচ্ছে না। এ কারণে অনেকের ধারণা, সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়েও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।