বিনোদন

কন্যাসন্তানের মা হওয়ার খবর জানালেন বুবলী, এখনও নীরব শাকিব খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

কন্যাসন্তানের মা হওয়ার খবর জানালেন বুবলী, এখনও নীরব শাকিব খান
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলী অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার সুখবর নিজেই জানিয়েছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন, যেখানে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ট্যাগ করে নবজাতকের বাবার পরিচয়ও উল্লেখ করেন।

জানা গেছে, চলতি বছরের ১১ মে বুবলী কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

তবে এ ঘোষণার পর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও শাকিব খানের পক্ষ থেকে কোনো ধরনের প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যম কোথাও এ বিষয়ে মুখ খোলেননি তিনি।

শাকিব খানের এ নীরবতা এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চাইছেন, তিনি কবে এ বিষয়ে কথা বলবেন এবং তার বক্তব্যে নতুন কোনো মোড় আসবে কি না।

বর্তমানে শাকিব খান ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলচ্চিত্রের কাজ ও বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অতীতে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন, অপু বিশ্বাস ও বুবলী দুজনই তার জীবনের অতীত অধ্যায় এবং তাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নেই।

অন্যদিকে, অপু বিশ্বাসের সঙ্গে তার বিচ্ছেদ পরিষ্কার হলেও বুবলীর সঙ্গে বর্তমান সম্পর্কের অবস্থান নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

এ অবস্থায় সদ্য জন্ম নেওয়া কন্যাসন্তানকে ঘিরে শাকিব খানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে কি না, নাকি আগের মতোই থাকবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত-অনুরাগীদের মাঝে। এখন সবার দৃষ্টি শাকিব খানের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে।