বিনোদন

এডিসি সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে মুখ খুললেন পরীমনি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

এডিসি সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে মুখ খুললেন পরীমনি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থাকার পরও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে সাকলায়েনের বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। পরবর্তী ধাপে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া এক ঘটনায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনায় ১৪ জুন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন সাকলায়েন।

তবে পরবর্তীতে পরীমনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠলে তাকে তদন্ত কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয় এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

এদিকে, এ ঘটনার পর বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে এক সাক্ষাৎকারে পরীমনি জানান, তিনি সম্পর্কের বিষয়টি নিশ্চিত নন এবং এটি ব্যক্তিগত আক্রোশ থেকেও হতে পারে।

তিনি বলেন, প্রেম বা ভালোবাসার সম্পর্কের কারণে এমন হয়েছে—এটি তিনি বিশ্বাস করেন না। তার মতে, সফল ব্যক্তিদের ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয় এবং সাকলায়েনও তার ব্যতিক্রম নন।

পরীমনি আরও বলেন, সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা তার কাছে অস্বাভাবিক ও অন্যায্য মনে হয়েছে এবং এ ঘটনায় তার খারাপ লাগছে।