বিনোদন
ব্যাংককে তৃতীয় বিয়ের খবর, যা বললেন অভিনেত্রী প্রভা
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এমনকি পরিবারের আপত্তি সত্ত্বেও আগস্টের শুরুতে ব্যাংককে তাদের বিয়ে হয়েছে বলেও দাবি করা হয়। তবে প্রভা জানিয়েছেন, এসব তথ্যের কোনো সত্যতা নেই। পুরো বিষয়টিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রভার কয়েকটি পোস্টকে কেন্দ্র করেই নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়। গত এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে বাগদানের ইঙ্গিত দেন তিনি। এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন এবং এক পুরুষের হাতের ছবি প্রকাশ করেন। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেন অভিনেত্রী।
জুলাইয়ের শেষ দিকেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে একটি রহস্যময় পোস্ট দেন প্রভা। এসব পোস্টের পর তার ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
চলতি বছরের শুরুতে এক সরাসরি সম্প্রচারেও বিয়েকে নিজের একান্ত ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছিলেন প্রভা। পরে জুনে দেওয়া এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের ছলনায় না পড়ার পরামর্শ দেন তিনি। একই সময় এক জনপ্রিয় গাড়িবিষয়ক পর্যালোচকের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।
এর আগে প্রভার ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার বিয়ে হয়। পরে মাহমুদ শান্তর সঙ্গেও বিয়ের পর বিচ্ছেদ ঘটে।
অতীতের দুই বিয়ে, সাম্প্রতিক রহস্যময় পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন ছবি ও বার্তাকে কেন্দ্র করেই প্রভার তৃতীয় বিয়ের গুঞ্জন জোরালো হয়। তবে অভিনেত্রী নিজেই বিষয়টি অস্বীকার করায় আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটেছে।