বিনোদন
ফিলিস্তিনের পক্ষে শিল্পীদের অবস্থান, ইসরায়েলকে বর্জনের ডাক
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে আরও দৃঢ় অবস্থান নিয়েছেন বিশ্বখ্যাত শিল্পী ও নির্মাতারা। ‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের উদ্যোগে বিশ্বের ১২ শতাধিক অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলী ঘোষণা দিয়েছেন, তারা আর কোনো ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক উৎসবের সঙ্গে কাজ করবেন না।
সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, এখন থেকে ইসরায়েলে নির্মিত বা প্রযোজিত কোনো চলচ্চিত্রে তারা অংশ নেবেন না। এমনকি দেশটির আয়োজিত চলচ্চিত্র উৎসবেও থাকবেন না। তাদের দাবি, ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশকরা কখনোই ফিলিস্তিনিদের অধিকারের পাশে দাঁড়ায়নি; বরং নৃশংসতার পক্ষে নীরব থেকে পরোক্ষভাবে সহায়তা করেছে। তাই ন্যায় ও মানবাধিকারের স্বার্থে এই বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন অস্কার, বাফটা, এমি ও পাম দ’অর জয়ী বহু খ্যাতিমান ব্যক্তিত্ব।
নির্মাতা: ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, যশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।
অভিনয়শিল্পী: এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, রিজ আহমেদ, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনরসহ আরও অনেকে।
ফলে বিশ্বখ্যাত জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ও টিএলভি ফেস্টে আর দেখা যাবে না এসব শিল্পী ও তাদের কাজ।
এই ঘোষণার পেছনের প্রেরণা ব্যাখ্যা করে ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন— “দুই বছর ধরে গাজায় যা ঘটছে তা মানবিক দিক থেকে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন ইহুদি আমেরিকান হিসেবে আমি মনে করি, এই গণহত্যা বন্ধে আমাদের সক্রিয়ভাবে ভূমিকা নিতে হবে। রাজনীতিবিদরা যখন ব্যর্থ, তখন শিল্পীদেরই সামনে এসে অবস্থান নিতে হবে।”
‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যখন বিশ্বব্যাপী সরকারগুলো এ সহিংসতায় নীরব সমর্থন জানাচ্ছে, তখন শিল্পীরা নিরপেক্ষ থাকতে পারেন না। মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি কাজ।