বিনোদন
তানজিন তিশা বাদ, যুক্ত হলেন সৃজিতের বান্ধবী সুস্মিতা চ্যাটার্জি
প্রথমে ঘোষণা এসেছিল, ওপার বাংলার রোমান্টিক সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বলিউড তারকা শারমান যোশীর বিপরীতে তাকে দেখার আশায় ছিলেন অনেক দর্শক।
তবে শেষ মুহূর্তে এসে বদলে গেল সবকিছু। সিনেমাটির প্রধান নারী চরিত্র থেকে বাদ পড়েছেন তিশা, তার জায়গায় নেওয়া হয়েছে টালিউডের নবাগত অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।
ছবিটির পরিচালক এম এন রাজ। ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তিশা, এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র। সময়মতো শুটিং শুরু করতেই তাকে বাদ দিয়ে সুস্মিতাকে যুক্ত করা হয়েছে বলে জানানো হয়।
তবে যিনি এখন মূল চরিত্রে যুক্ত হয়েছেন, তিনি অভিনয়ের পাশাপাশি অন্য কারণেও আলোচনায়। তিনি নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে টলিউডে বেশ পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে সৃজিতের সঙ্গে তার উপস্থিতি ইতোমধ্যেই গুঞ্জনের জন্ম দিয়েছে। যদিও দুজনেই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
অন্যদিকে, ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়া নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তানজিন তিশা। শুরুর ঘোষণাতেও তিনি ছিলেন নীরব, এবারও বিষয়টি নিয়ে তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
তবে তিশার জন্য আশার খবর হচ্ছে, বাংলাদেশের বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে। ‘সোলজার’ নামের ছবিতে শাকিবের নায়িকা হিসেবে তিশাকে ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।