বিনোদন
হাদি হত্যাচেষ্টার প্রতিক্রিয়ায় হুমকি নিয়ে যা বললেন চমক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে এখন প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ক্রমাগত হুমকি ও ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি শরিফুল ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সুস্থতা কামনা এবং এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান চমক। এরপর থেকেই একটি নির্দিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাঁর ব্যক্তিগত ফোন নম্বরটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে শত শত উস্কানিমূলক কল আসছে তাঁর ফোনে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, তাকে এ পর্যন্ত কয়েক শতবার ফোন করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।
এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই নিন্দা জানিয়েছেন। তবে চমকের সাহসী ও স্পষ্ট প্রতিবাদ তাঁকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।