বিনোদন

বিলাসবহুল জীবন নয়, সম্মানই বড়: বাবার বয়সী ধনকুবেরের প্রস্তাবে অ্যামি নূর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

বিলাসবহুল জীবন নয়, সম্মানই বড়: বাবার বয়সী ধনকুবেরের প্রস্তাবে অ্যামি নূর
ছবি: সংগৃহীত

বিপুল সম্পদ, বিলাসবহুল বাংলো আর প্রতি মাসে ১১ লাখ টাকা হাতখরচ—এমন লোভনীয় প্রস্তাব পেলেও তা পায়ে ঠেলে দিয়েছেন মালয়েশিয়ান অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন অ্যামি নূর। 

একজন প্রভাবশালী 'ভিভিআইপি'র তৃতীয় স্ত্রী হওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্মান বিসর্জন দিয়ে ধনী হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। সম্প্রতি মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির একটি পডকাস্টে অংশ নিয়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জীবনের এই বিস্ফোরক অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

অ্যামি জানান, ২০১৯ সালে যখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর, তখন তিনি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পনসর খুঁজছিলেন। সেই সময় মালয়েশিয়ার অত্যন্ত প্রভাবশালী এক 'দাতুক' (মালয়েশিয়ার সম্মানসূচক উপাধি) তাঁকে এই প্রস্তাব দেন।

শর্ত ছিল—অ্যামিকে তাঁর তৃতীয় স্ত্রী হতে হবে। বিনিময়ে তাঁকে দেওয়া হতো: একটি বিলাসবহুল বাংলো ও দামি গাড়ি,৪০ হাজার বর্গমিটার (প্রায় ১০ একর) জমি, প্রতি মাসে ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা) ভাতা।

অ্যামি বলেন, "প্রস্তাবদাতা ব্যক্তিটি ছিলেন আমার বাবার কাছাকাছি বয়সের। আমার মা অত্যন্ত দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি আমাকে বিক্রি করতে রাজি ছিলেন না।" পডকাস্টে অ্যামি আরও যোগ করেন, তিনি কোনো শর্টকাট পথে নয় বরং নিজের পরিশ্রমে 'হালাল' উপায়ে অর্থ উপার্জন করতে চান।

হাসতে হাসতে তিনি বলেন, জীবনসঙ্গী যদি দেখতে 'আয়রন ম্যান'-এর মতো হয় তবে কোনো সমস্যা নেই, কিন্তু তিনি কোনো 'দাদু'র মতো সঙ্গী চান না। তাঁর কাছে সঙ্গীর আর্থিক স্থিতিশীলতার চেয়ে দায়িত্ববোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নিজের ক্যারিয়ার এবং বাবা-মায়ের সেবাতেই মনোনিবেশ করতে চান।