বিনোদন

মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩৫ এএম

মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সোমবার (১৮ মে) সকালে তাকে শেষ বিদায় জানান স্বজন ও স্থানীয়রা।

সকাল ৭টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে নানীর বাগানবাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে। তিনি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকায় জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। যদিও তাদের মূল বাড়ি পুরান বাউশিয়ায়, তবে নানী ডা. জোহরা খানম পারুলের আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতেই মরদেহ রাখা হয় এবং সেখানেই দাফনের আয়োজন সম্পন্ন করা হয়।

প্রিয় মুখকে শেষবারের মতো দেখতে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো দাফন কার্যক্রম ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনের সময় ঘটনাস্থলে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। গণমাধ্যমকর্মীদেরও দূর থেকে অবস্থান করার অনুরোধ জানানো হয়।

দাফনের পর কারিনার ছোট ভাই সাদাত হামিদ বলেন, ঢাকায় অনুষ্ঠিত তিনটি জানাজায় গণমাধ্যম উপস্থিত ছিল। তবে পরিবারের ইচ্ছার প্রতি সম্মান রেখে দাফনের সময় মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত ভিড় ও প্রচার এড়াতেই তারা গ্রামে এসেছেন বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছালে পরিবারের সদস্যরা বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। এরপর রাজধানীতে আনুষ্ঠানিকতা শেষে তাকে গজারিয়ায় নেওয়া হয়।