বিনোদন

দেহব্যবসা করে পড়াশোনা, জিতেছেন ৭ আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার খেতাব


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

দেহব্যবসা করে পড়াশোনা, জিতেছেন ৭ আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার খেতাব
ছবি: সংগৃহীত

ভারতের প্রথম রূপান্তরকামী সুন্দরী হিসেবে পরিচিত নাজ জোশী। জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি সাতটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয় করেছেন। তবে এত সাফল্যের পরও এখনো স্থায়ী উপার্জনের ব্যবস্থা হয়নি তার।

নাজ জোশী ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। পোশাক নকশা বিষয়ে স্নাতক শেষ করার পাশাপাশি নিজের ব্যাচে শীর্ষস্থান অর্জন করেন তিনি। তবে পড়াশোনার খরচ চালাতে ছোটবেলা থেকেই নানা কাজ করতে হয়েছে তাকে। মাত্র ১২ বছর বয়স থেকে বারে নাচের কাজ শুরু করেন নাজ। একপর্যায়ে যৌনকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি।

শৈশবেই পরিবার থেকে দূরে সরে যেতে হয় নাজকে। তার মেয়েলি আচরণ নিয়ে বাবা-মা অস্বস্তিতে থাকতেন। প্রতিবেশীদের ভয়ে তাকে মুম্বাইয়ে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই বেড়ে ওঠেন তিনি।

নিজের পড়াশোনার খরচ বরাবরই নিজে বহন করেছেন নাজ। মেয়েদের মতো পোশাক পরা এবং সাজসজ্জা করার সুযোগ পেয়ে বারে কাজ করার সময় খুব বেশি অস্বস্তি বোধ করতেন না বলেও জানিয়েছেন তিনি।

কাজ করে উপার্জনের পাশাপাশি আইএমটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন নাজ। নিজের লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত অস্ত্রোপচারের খরচও নিজেই বহন করেছেন। শুরুতে মডেলিং করার পরিকল্পনা ছিল না তার। বরং পোশাক নকশাকার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি।

২০১২ সালে মডেলিং সংস্থায় কাজ শুরু করেন নাজ। দুই বছর পর, ২০১৪ সালে প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। এরপর একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে থাকেন তিনি।

সম্প্রতি ভারতের হয়ে এমপ্রেস আর্থ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে খেতাব জয় করেন নাজ। গত মে মাসে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ১ জুন বিজয়ী হন তিনি। ওই প্রতিযোগিতায় একমাত্র রূপান্তরকামী প্রতিযোগী ছিলেন নাজ।

২০২০ সালে মিস ইউনিভার্স ডাইভারসিটির খেতাব জেতেন তিনি। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা তিনবার মিস ওয়ার্ল্ড ডাইভারসিটির মুকুট অর্জন করেন নাজ। এছাড়া মিস রিপাবলিক ইন্টারন্যাশনালের সুন্দরী রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন তিনি।

সাতটি আন্তর্জাতিক খেতাব অর্জন করলেও ব্যক্তিগত জীবনে এখনো আর্থিক অনিশ্চয়তায় রয়েছেন নাজ। ফ্যাশন ডিজাইনে শীর্ষস্থান অর্জন এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকার পরও বহু চেষ্টা করে স্থায়ী চাকরি পাননি তিনি।