বিনোদন
নগরবাউল জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?
গানের মানুষ মাহফুজ আনাম জেমস, যাকে সবাই ভালোবেসে নগরবাউল নামে চেনেন। সদা আলোচনায় থাকেন তার কনসার্ট, গানের স্টাইল আর স্টেজ পারফরম্যান্স নিয়ে। তবে এবার তিনি খবরে এলেন একদমই ভিন্ন কারণে, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে। দীর্ঘদিন ব্যক্তিগত বিষয় আড়ালে রাখা এই রক তারকা এবার প্রকাশ্যে আনলেন তার নতুন বিয়ে এবং পুত্র সন্তানের খবর।
অনেকেই এখন জানতে চাইছেন- কে এই নামিয়া আনাম, যিনি হয়েছেন জেমসের তৃতীয় স্ত্রী?
জানা গেছে, নামিয়া আনাম যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি পরিবারের সন্তান। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। লস অ্যাঞ্জেলেসেই জন্ম ও বেড়ে ওঠা নামিয়ার। তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।

নগরবাউলের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, ২০২৩ সালে জেমসের একটি আমেরিকা ট্যুর চলাকালীন লস অ্যাঞ্জেলেসে নামিয়ার সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু, যা পরে পরিণয়ে গড়ায়। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় বিয়ে করেন জেমস ও নামিয়া। বর্তমানে তারা বনানীতে জেমসের বাসায় একসঙ্গে বসবাস করছেন।
এ বছর ৮ জুন এই দম্পতির ঘর আলো করে আসে এক পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম। শিশুটি নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্মগ্রহণ করে।
জীবনের এই নতুন অধ্যায় নিয়ে জেমস বলেন- “আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে।”
প্রসঙ্গত, জেমস এর আগে অভিনেত্রী রথি এবং আমেরিকা প্রবাসী বেনজীর সাজ্জাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। রথির ঘরে তার দুই সন্তান—পুত্র দানিশ ও কন্যা জান্নাত। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী বেনজীরের ঘরে কন্যা জাহান, যিনি বর্তমানে ডালাসে বসবাস করছেন।