বিনোদন

বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন
সেলিম হায়দার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত গিটারিস্ট, সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই গিটারিস্ট বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

ফিডব্যাকের সদস্য ফোয়াদ নাসের তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রায় এক মাস আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এরপর চিকিৎসা চলছিল নিয়মিত। শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ বোধ করলে ২৪ নভেম্বর বাসায় ফিরলেও ২৭ নভেম্বর আবারও অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

selim_haydar1_Dhakaprokash.jpg

ফোয়াদ নাসের জানান, শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুলের পুকুরপাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

সেলিম হায়দার ছিলেন দেশের ব্যান্ড সংগীতের এক উজ্জ্বল নাম। শুধু লিড গিটার নয়- বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ডেও ছিলেন দক্ষ। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ সংগীতজীবনে তিনি প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তার সংগীত পরিচালনায় তৈরি ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’ গান দুটি বিশেষভাবে প্রশংসা পেয়েছে।

বাংলাদেশের ব্যান্ডসংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে গেলেন এই কীর্তিমান শিল্পী। তার প্রয়াণে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।