বিনোদন

ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, কারণ জানাল প্রশাসন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম

ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, কারণ জানাল প্রশাসন
ছবি: সংগৃহীত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নগর বাউল খ্যাত শিল্পী জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জেলা প্রশাসনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, কনসার্ট চলাকালে স্কুলের শিক্ষার্থী ও বাইরে থেকে আসা দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। জেমসের কনসার্টের খবরে অনুষ্ঠানস্থলের পরিসরের তুলনায় বহিরাগত দর্শকের চাপ বেড়ে যায়। প্রবেশে বাধা পেয়ে কয়েকজন উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, এটি জিলা স্কুলের নিজস্ব আয়োজন ছিল এবং ভেন্যুটি তুলনামূলক ছোট। বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশচেষ্টার কারণে সংঘর্ষের সৃষ্টি হয়। সার্বিক নিরাপত্তা বিবেচনায় কনসার্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

james_concert1_Dhakaprokash.jpg

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনের এই উৎসবে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন। আগের দিন ওয়ারফেইজ ব্যান্ডের পরিবেশনা নির্বিঘ্নে সম্পন্ন হলেও শেষ দিনে দর্শকের অতিরিক্ত চাপ পরিস্থিতিকে জটিল করে তোলে। শেষ পর্যন্ত জেমসের পরিবেশনা আর অনুষ্ঠিত হয়নি এবং তিনি ঢাকায় ফিরে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ প্রচার করেন কথিত ‘তৌহিদী জনতা’র হামলায় কনসার্ট বাতিল হয়েছে। তবে জেলা প্রশাসন সেগুলোকে বিভ্রান্তিকর বলে নাকচ করেছে। প্রশাসনের দাবি, এটি কোনো পরিকল্পিত হামলা নয়; মূলত প্রবেশসংক্রান্ত উত্তেজনা থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইটপাটকেলের আঘাতে স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই শেষ পর্যন্ত কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।