পরিবেশ-জলবায়ু

ঢাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

ঢাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ সোমবার দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

অন্যদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।