পরিবেশ-জলবায়ু
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এর মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শনিবারের তুলনায় আজ গরমের অনুভূতি আরও বাড়তে পারে।
রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ নেই। সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে, নদী অববাহিকা ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর একটা পর্যন্ত কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দিনভর গরমের অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।