ফিচার

প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ
ছবি: সংগৃহীত

সংসার মানেই শুধু চার দেয়ালের ঘর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ, অভিমান আর অসংখ্য না-বলা গল্প। এসব গল্পের নীরব নায়িকা হয়ে পরিবারের পাশে থাকেন একজন স্ত্রী। নিজের ক্লান্তি আড়াল করে পরিবারের মুখে হাসি ফোটানো, স্বামীর দুঃসময়ে পাশে থাকা কিংবা সন্তানদের নিয়ে ব্যস্ত সময় পার করার মতো অনেক কাজই আলাদা করে প্রশংসা পায় না।

তাই জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের জন্য বছরে একটি দিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সেই দিন, স্ত্রীর প্রশংসা দিবস।

সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। দাম্পত্য জীবনে স্ত্রীর অবদান, ভালোবাসা, যত্ন ও ত্যাগের প্রতি সম্মান জানানোই এই দিবসের মূল উদ্দেশ্য।

ব্যস্ত জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্কেও অনেক সময় একঘেয়েমি চলে আসে। অফিস, সংসার ও সন্তান সামলাতে গিয়ে প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলার সুযোগও হয়ে ওঠে না। অথচ কাছের মানুষের কাছ থেকে পাওয়া সামান্য প্রশংসাও সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।

আজ তাই দামি কোনো উপহারের প্রয়োজন নেই। একগুচ্ছ ফুল নিয়ে বাড়ি ফেরা, হঠাৎ করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলা কিংবা দিনের শেষে দুজন মিলে কিছুটা সময় কাটানোই হতে পারে বিশেষ উপহার।

চাইলে প্রিয় স্ত্রীকে ছোট একটি চিঠিও লেখা যেতে পারে। সেখানে সংসারের আড়ালে তার করা ছোট ছোট কাজের প্রশংসা করা, তার ত্যাগের মূল্য বোঝার কথা জানানো কিংবা কঠিন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে।

কারও কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারও কাছে জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। সম্পর্কের ধরন যাই হোক, জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই ছোট নয়।

ভালোবাসার জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তবে এমন একটি দিন যদি মানুষকে জীবনসঙ্গীর প্রতি আরও যত্নশীল হতে এবং তার অবদানের কথা মনে করিয়ে দেয়, তাহলে দিবসটির গুরুত্বও কম নয়।