স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪০৯ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪০৯ জন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, রাজশাহীতে ৫১ জন, খুলনায় ২৮ জন, রংপুরে ১৬ জন, ময়মনসিংহে ১১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

একই সময়ের মধ্যে ৫৩০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে রাজশাহী বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন রয়েছেন। এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন মোট ৫৭৫ জন। তবে আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তাই ব্যক্তিগত ও সামাজিকভাবে মশার উৎস ধ্বংস এবং সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।