সারাবিশ্ব
নাইজেরিয়ায় ৭০ যাত্রী নিয়ে নৌকাডুবি, প্রাণ গেল ৪৬ জনের
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের মুখপাত্র আহমেদ রুফাই জানান, বৃহস্পতিবার গোরোনি অঞ্চলের গোরাউ এলাকার কাছে নৌকাডুবির পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।
জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র এজেকিয়েল মানজো জানান, জরুরি পরিষেবা ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানোর চেষ্টা করছেন।
রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ধান কাটার কাজের জন্য খামার মালিক ও শ্রমিকদের সঙ্গে শিশুরাও নৌকাটিতে যাত্রা করেছিল। স্থানীয় একটি মসজিদের সামনে দাফনের আগে পাটি ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো প্রায় ৫০টি মরদেহ রাখা হয়েছিল বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী।
নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলে দুর্বল সড়ক যোগাযোগ ও সেতুর অভাবের কারণে যাতায়াত এবং পণ্য পরিবহনে নৌপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ায় দেশটিতে প্রায়ই ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি