সারাবিশ্ব
সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: হামলা হলে যৌথ পদক্ষেপে জবাব
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অপরের সঙ্গে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করেন। খবরটি নিশ্চিত করেছে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।
চুক্তি অনুযায়ী, সৌদি আরব বা পাকিস্তানের যেকোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে উভয় দেশ। এ ক্ষেত্রে যৌথভাবে জবাব দেওয়া হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দিকেও জোর দেওয়া হয়েছে এই চুক্তিতে।
চুক্তি সইয়ের পর পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সমঝোতা দুই দেশের নিরাপত্তা জোরদার, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার প্রতিশ্রুতি বহন করে। এতে প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই নতুন প্রতিরক্ষা সমঝোতা কেবলমাত্র সামরিক সহযোগিতাই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বহু দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, সৌদি সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠক করেন।