সারাবিশ্ব
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান চীনের
গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পূর্ণমাত্রার যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেইজিংয়ে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠককালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করাই এখন সবচেয়ে জরুরি কাজ। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনিদের মাধ্যমে ফিলিস্তিন পরিচালনা’ নীতি বাস্তবায়ন করতে হবে। গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ—যা যুদ্ধ-পরবর্তী যেকোনো শাসন ব্যবস্থায় সংরক্ষিত ও সম্মানিত হতে হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে পূর্ণ জাতিসংঘ সদস্যপদ দিতে হবে এবং দুই রাষ্ট্র সমাধানের পথে যেকোনো একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা সংঘাত ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইসরায়েলের গাজা সিটি দখল প্রচেষ্টা ও পশ্চিম তীরে সম্প্রসারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, যা শুধু দুই রাষ্ট্র সমাধানকেই হুমকির মুখে ফেলছে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুতর সংকট তৈরি করছে।
ওয়াং ই স্পষ্ট করে বলেন, ইসরায়েলের যেমন রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার রয়েছে, তেমনি ফিলিস্তিনেরও স্বাধীন রাষ্ট্র হওয়ার অধিকার আছে। কোনোভাবেই দ্বিমুখী মানদণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “ইসরায়েলি ও আরব—উভয়ের জীবনই সমানভাবে মূল্যবান।”
চীন জানায়, তারা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি জাতিসংঘের প্রস্তাব এবং দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে।