সারাবিশ্ব

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিমের ওয়ার্কার্স পার্টির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিমের ওয়ার্কার্স পার্টির
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত ১৫তম ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’ (এসপিএ) নির্বাচনে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। দেশটির নেতা কিম জং উন-এর দল পেয়েছে ৯৯.৯৩ শতাংশ ভোট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯.৯৯ শতাংশ। মোট ৬৮৭ জন প্রতিনিধিকে নির্বাচিত করতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পূর্বের মতো এবারও প্রতিটি আসনে মাত্র একজন করে সরকার-অনুমোদিত প্রার্থী ছিলেন। ভোটারদের সামনে কেবল ওই প্রার্থীকে সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ রাখা হয়। সরকারি হিসাবে, মাত্র ০.০৭ শতাংশ ভোট প্রার্থীদের বিরুদ্ধে পড়েছে।

এই পরিসংখ্যান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই অল্পসংখ্যক ভিন্নমতাবলম্বী ভোটারদের নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম ফলাফলকে জনগণের ঐক্য ও সরকারের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই এ ধরনের নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে কিম জং উন নিজে একটি কয়লাখনিতে গিয়ে ভোট প্রদান করেন এবং দেশের অর্থনীতিতে কয়লা শিল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বোন কিম ইয়ো-জং-সহ শীর্ষ নেতাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা ও আধুনিকায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: দ্য পিয়ংইয়ং টাইমস