সারাবিশ্ব
কানাডায় অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে ব্যাপক অভিযান, আটক ও দেশত্যাগের নির্দেশনা
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। বিশেষ করে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরদার তৎপরতা চালাচ্ছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ অভিযানকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বৃহৎ ও বিস্তৃত অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) জানিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে এ অভিযান শুরু হয়, যা সময়ের সঙ্গে আরও জোরদার হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যালগারি, টরন্টো এবং ভ্যাংকুভার শহরের বিভিন্ন নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁ, কৃষিখামারসহ নানা স্থাপনায় অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে কয়েক ডজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বা দেশত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এসব ব্যক্তি সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন।
গত ১৫ অক্টোবর ক্যালগারির এক নির্মাণাধীন ভবনে পরিচালিত অভিযানে চারজন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে তিনজনই ভারতীয় নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এছাড়া, গত সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে এক অভিযানে ৫০ জনেরও বেশি ভারতীয় কর্মীকে শনাক্ত করা হয়। তাদের অধিকাংশই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা, যারা ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বৈধ অনুমতি ছাড়াই কাজ করছিলেন।
গণমাধ্যমের তথ্যমতে, এসব অবৈধ শ্রমিক নিয়োগে জড়িত প্রতিষ্ঠানগুলোকে প্রতি ঘটনায় সর্বোচ্চ ৫০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, অবৈধ অভিবাসী নিয়োগকারী চক্র এবং মানবপাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও নজরদারির জন্য সম্প্রতি অতিরিক্ত এক হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।