সারাবিশ্ব

ইসরায়েলের হামলায় ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:২৩ এএম

ইসরায়েলের হামলায় ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার ফলে হুদাইদা শহরের প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে পড়ে এবং পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুতি বিদ্রোহীদের একাধিক হামলার জবাবে তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। প্রায় এক মাস বিরতির পর এটাই ছিল তাদের নতুন অভিযান।

তারা আরও জানায়, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা এবং সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে আঘাত হানা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, লোহিত সাগরের উপকূলে অবস্থিত হুদাইদা শহরে এই হামলার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহরটি। হামলার ফলে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ছেয়ে যায়।

হুতিদের দাবি, তারা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতি-সমর্থিত গণমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, ইসরায়েল একাধিকবার বিমান হামলা চালিয়েছে এবং এসব হামলার আগে বন্দর এলাকার সাধারণ জনগণকে সরে যাওয়ার জন্য একটি সতর্কতা জারি করেছিল।

এছাড়া ইসরায়েলি বাহিনী জানায়, হুতিদের জব্দকৃত ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়েছে, যেটি ২০২৩ সালের শেষ দিকে হুতিরা দখলে নেয়।

এই ঘটনাগুলোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধের হুমকি এসেছে এবং ইসরায়েলের এ ধরণের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।