সারাবিশ্ব

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সরাসরি সম্প্রচারের সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ক্যামেরার সামনেই স্টুডিও ছেড়ে দৌড়ে পালিয়ে যান এক নারী উপস্থাপিকা। ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিজেই শেয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাইভ সম্প্রচারের মধ্যে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং উপস্থাপিকা দিকভ্রান্ত হয়ে দ্রুত স্টুডিও ত্যাগ করেন। ঘটনাটি সিরিয়ায় চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে নতুন করে বিশ্বমানচিত্রে তুলে এনেছে।

ইসরায়েল গত তিন দিন ধরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুইদা-তে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। ওই অঞ্চলটি দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত, যারা মূলত দশম শতাব্দীতে শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ১০ লাখ দ্রুজের মধ্যে অর্ধেকেরও বেশি বসবাস করে সিরিয়ায়, বাকিরা রয়েছে লেবানন ও ইসরাইলে। ইসরায়েল এই সম্প্রদায়কে ‘সম্পর্কিত ও ঘনিষ্ঠ’ বলেই বিবেচনা করে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলা সম্পর্কে বলেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাদের রক্ষা করব।”

একইসঙ্গে মঙ্গলবার রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে আমরা একটি অসামরিক এলাকা হিসেবে দেখতে চাই এবং দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

এদিকে সিরিয়া সরকারের পক্ষ থেকে হামলা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক মহলে এই হামলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশটির গণমাধ্যমকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোকে কেন্দ্র করে।