সারাবিশ্ব

ইসরায়েলি বর্বরতায় গাজায় ২৪ ঘণ্টায় ৭০ ফিলিস্তিনি নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

ইসরায়েলি বর্বরতায় গাজায় ২৪ ঘণ্টায় ৭০ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন।

এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৮৯৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে এখনও চিকিৎসা বা উদ্ধারপ্রচেষ্টার বাইরে। এছাড়া অনাহার ও অপুষ্টির কারণে আরও ১১ জন মারা গেছেন, যার মধ্যে একজন শিশু। এভাবে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৮ জন শিশু।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা রয়েছেন। মানবিক সহায়তা নিতে যাওয়ার সময়ও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছেন।

এর আগে, গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী ১,৯২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪,২৮৮ জন আহত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি