সারাবিশ্ব

গাজায় বেসামরিকদের মৌলিক চাহিদা পূরণের আহ্বান রেডক্রসের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম

গাজায় বেসামরিকদের মৌলিক চাহিদা পূরণের আহ্বান রেডক্রসের
ছবি: সংগৃহীত

জাতিসংঘ গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার পর ইসরায়েলকে খাদ্য, পানি ও ওষুধসহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

শুক্রবার এক বিবৃতিতে আইসিআরসি জানায়, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় গাজা একটি দখলকৃত ভূখণ্ড এবং ইসরায়েল দখলদার শক্তি হিসেবে সেখানকার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব বহন করে। দেশটি তার সব ধরনের সম্পদ ব্যবহার করে এ দায়িত্ব নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরও বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টি “তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে।”

এর আগে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছিল, গাজায় খাদ্য নিরাপত্তা সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। গাজা শহর ও এর আশপাশের অঞ্চল দুর্ভিক্ষে নিশ্চিতভাবে আক্রান্ত।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিস এলাকাও ‘বিপর্যয়কর পরিস্থিতির’ শিকার হবে। আইপিসি আরও জানায়, গাজার এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণযোগ্য।

উল্লেখ্য, আইপিসি সরাসরি দুর্ভিক্ষ ঘোষণা করে না। তবে তাদের বিশ্লেষণকে ভিত্তি করে জাতিসংঘ, সরকার বা অন্যান্য সংস্থা আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করতে পারে।

সূত্র: এএফপি