সারাবিশ্ব

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ও বুধবার সকালে গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত শহরে এক বন্দুক হামলায় ইসরায়েলি এক সৈন্য আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক প্রতিক্রিয়ার নির্দেশ দেন। এরপর গাজার একাধিক এলাকায় বিমান ও ড্রোন হামলার খবর পাওয়া যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলের এই হামলা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তারা জানিয়েছে, “আমরা চুক্তি মেনে চলছি। কিন্তু ইসরায়েল বারবার আগ্রাসন চালাচ্ছে।”

একইসঙ্গে হামাস জানায়, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করা হয়েছে এবং ইসরায়েলের নতুন হামলার কারণে আরও ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হতে পারে।

রাফাহে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে হামাস। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা কেবল আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, “গাজায় ছোটখাটো সংঘর্ষ হতে পারে, তবে যুদ্ধবিরতি এখনও বহাল আছে। আমরা আশা করি, উভয় পক্ষই সংযম দেখাবে।”

গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছানোও কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।

হামাসের রাজনৈতিক নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেন, “ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের কারণে মরদেহ উদ্ধারে আমাদের জটিলতা তৈরি হচ্ছে। এই বিলম্বের দায় সম্পূর্ণ ইসরায়েলের।”