সারাবিশ্ব
'খামেনির উত্তরসূরিও হত্যার লক্ষ্য হবে' হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর যে-ই নতুন নেতা হিসেবে দায়িত্ব নেবেন, তাকেও হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার ধারাবাহিকতায় যদি নতুন কোনো নেতা ক্ষমতায় এসে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখে, যুক্তরাষ্ট্র ও তথাকথিত মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে, তাহলে তাকে নির্মূল করার লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ওই নেতার নাম কী বা তিনি কোথায় অবস্থান করছেন-তা ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে, তাহলে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে এবং দেশটির ভেতরে সরকার পতনের অনুকূল পরিস্থিতি তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা।