সারাবিশ্ব
কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা
কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এ হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক ও একটি সরকারি ভবনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুয়েত সরকার জানিয়েছে, হামলার আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং তা সফলভাবে ধ্বংস করে দেয়। তবে একই সময় চালানো ড্রোন হামলার ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে আগুন ধরে যায়।
সরকারি সূত্রে বলা হয়েছে, হামলার পরপরই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাতে শুরু করে। এরপর থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানি বাহিনীর বিরুদ্ধে।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল–জাজিরা, মিডল ইস্ট আই।