সারাবিশ্ব

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮২৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান হামলায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় নিহতদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশু রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বুরজ কালাউইয়া এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহত চিকিৎসাকর্মীর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ফলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বাড়তে থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা