সারাবিশ্ব
গাজার শাসনভারে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা
গাজা উপত্যকার শাসন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এ ঘোষণা দেয় সংগঠনটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এ সিদ্ধান্তে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়েছে।
হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছিল। এই পদক্ষেপের মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, এটি হামাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই উপত্যকাটি শাসন করে আসছিল হামাস।
গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সংগঠনটি একাধিকবার জানিয়েছে, তারা দৈনন্দিন শাসন কার্যক্রম থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণসহ কিছু জটিল বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে জানান, গাজার শাসন কমিটি বিলুপ্ত করার পাশাপাশি এর কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নতুন জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার পরবর্তী সময়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির আরেক কর্মকর্তা জানান, কায়রোতে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। উপদলগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে গাজার শাসনভার গ্রহণে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
এই সিদ্ধান্তের ফলে আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে গেল।
সূত্র: এএফপি।