সারাবিশ্ব
বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা, দিলেন কঠিন হুঁশিয়ারি
সাবেক সুপ্রিম লিডার ও নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। শনিবার (১১ জুলাই) তার লিখিত বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তার বাবার হত্যাকারী এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এটি ইরানের জনগণের প্রত্যাশা। খামেনির রক্তকে ‘বিশুদ্ধ’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই ইচ্ছা বাস্তবায়ন করতেই হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তার দাফন সম্ভব হয়নি। অবশেষে চার মাসের বেশি সময় পর ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়।
দাফনের আগে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়া হয়। সেখানে লাখো মানুষের ঢল নামে।
ধারণা করা হচ্ছে, খামেনিকে শেষ বিদায় জানাতে অন্তত দুই কোটি মানুষ উপস্থিত হয়েছিলেন, যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, ইকোনোমিক টাইমস