সারাবিশ্ব
আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার মৃত্যুর পর এ ঘোষণা আসে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, প্রতিশোধ নেওয়া এখন জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
প্রয়াত নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, তার নিষ্পাপ রক্ত এবং সাম্প্রতিক দুই যুদ্ধে শহীদদের রক্তের বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের নাম ইরানের কাছে সংরক্ষিত রয়েছে এবং তারা কখনোই শান্তিতে জীবন শেষ করতে পারবে না। তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া সময়ের ব্যাপার মাত্র।
মোজতবা খামেনি স্পষ্ট করে বলেন, এই প্রতিশোধ কোনো ব্যক্তি বা সরকারের অস্তিত্বের ওপর নির্ভর করে না। তিনি বলেন, তারা থাকুক বা না থাকুক, এই প্রতিশ্রুতি খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হামলা চালায় বা হত্যার চেষ্টা করে, তাহলে দেশটিকে কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করলেও মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, এ ধরনের কোনো নির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। ধারণা করা হচ্ছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পাশাপাশি তিনিও আহত হন। এরপর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিবৃতির মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।