সারাবিশ্ব

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে কঠোর শর্ত দিল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে কঠোর শর্ত দিল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি দেশটির সামরিক বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান।

এ ছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দেশটি। বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার শর্ত দেওয়া হয়েছে।

জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের। গত ১৬০ দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালির পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান।

তবে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে বলে সতর্ক করেন তিনি। এর মধ্যে অন্যতম হলো, জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে।

এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ওমানের সঙ্গে সম্ভাব্য একটি কাঠামোগত চুক্তির বিষয়ে দেশটির আইনপ্রণেতারা মোটামুটি একমত হয়েছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।