সারাবিশ্ব

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকার, দূরদর্শিতা ও অর্জনের প্রতি বাংলাদেশের আইনসভা ও সংসদ সদস্যদের আস্থা দেশের জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করেছে।

পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে ইরানের সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।