সারাবিশ্ব

হুথিদের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি সেনাবাহিনী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

হুথিদের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথিদের হটিয়ে দুটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। দেশটির সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়েছেন।

ফায়াদ আল নুমান জানান, তাইজ প্রদেশের আল ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল সুবাইহা এলাকার মধ্যবর্তী আল আঘবারা রণাঙ্গনে তীব্র সংঘর্ষের পর আল বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী।

তিনি বলেন, সংঘর্ষের সময় হুথি যোদ্ধাদের জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গোষ্ঠীটির শক্তিবৃদ্ধির জন্য আসা বাহিনীর ওপরও হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী তাইজের পশ্চিমাঞ্চলের আল ওয়াজিয়াহ জেলার আল দারিফা এলাকার আল হারথা গ্রামে হুথিদের আরও কয়েকটি অবস্থান ও সামরিক যানবাহনেও হামলা চালিয়েছে বলে জানান আল নুমান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল আঘবারা এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। লাহজ ও তাইজ প্রদেশের মধ্যবর্তী অবস্থানে হওয়ায় এই এলাকা থেকে দুই প্রদেশের বিভিন্ন ঘাঁটিতে থাকা যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ।

এদিকে হুথিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৫ সালে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী রাজধানী সানা দখল করে। এরপর তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ওই বছর ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কয়েক বছর আগে এই সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পায়।

হুথিদের নিয়ন্ত্রণ থেকে উত্তর ইয়েমেনের বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে গত জুলাই থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি