সারাবিশ্ব
‘ক্ষেপণাস্ত্র উৎপাদনব্যবস্থা অক্ষত, যতদিন ইচ্ছা যুদ্ধ চালাতে পারবে ইরান’
ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি।
শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই। ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান দেশটির অভ্যন্তরেই উৎপাদিত হয়। চাইলে এসব উপাদান বিদেশে রপ্তানিও করা সম্ভব।
তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও নতুন প্রযুক্তি সংযোজনের ক্ষেত্রে ইরান নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা এবং সামরিক অভিযানের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়। এ খাতে দেশটি এমন সক্ষমতা অর্জন করেছে যে এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন হচ্ছে না।
তার ভাষ্য, ইরান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা তৈরি ও উৎপাদন করে। সামরিক অভিযানের চাহিদা বিবেচনায় নিয়ে নিয়মিত নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করছে দেশটি।
ইরানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশটির সামরিক সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত ২৯ সেপ্টেম্বর ইরানের অস্ত্র ও অস্ত্র তৈরির উপাদান সংগ্রহে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশে থাকা ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ দপ্তর।
তবে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় উপাদান ও সরবরাহব্যবস্থা সচল রয়েছে বলে দাবি করেছেন ইরানি এই সামরিক কর্মকর্তা।
এর আগেও ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর দাবি করা হয়েছে। যদিও দেশটির অস্ত্রভাণ্ডার ও উৎপাদন অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।