সারাবিশ্ব
পারস্য উপসাগরে ইন্টারনেট ও এআই অবকাঠামোয় হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের সাবমেরিন ইন্টারনেট কেবল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামোয় হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের ডিজিটাল অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হলে আঞ্চলিক যোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগের বড় একটি অংশ সমুদ্রের তলদেশে স্থাপিত ফাইবার অপটিক কেবলের ওপর নির্ভরশীল। এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেটের গতি কমে যাওয়া, যোগাযোগে বিলম্ব এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটতে পারে। বিকল্প সংযোগ থাকলেও একাধিক কেবল একসঙ্গে ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ করছে। এসব স্থাপনা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শীতলীকরণব্যবস্থা ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের ওপর নির্ভরশীল।
বিশেষজ্ঞদের বিশ্লেষণ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বাড়তে পারে। পাশাপাশি ব্যাংকিং, ই-কমার্স, পরিবহন ও সরকারি সেবাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বিকল্প যোগাযোগব্যবস্থা ও জরুরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকায় সব স্থাপনা সমান ঝুঁকিতে নেই। সম্ভাব্য সংকট মোকাবিলায় ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা জোরদার এবং বিকল্প সংযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি