সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, নিখোঁজ ২৭ শিশু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ রয়েছে আরও ২৭ শিশু। রোববার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নিখোঁজ শিশুরা টেক্সাসের কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিতে গিয়েছিল। তাদের মধ্যে চার শিশুর মৃত্যুর খবর ইতোমধ্যে নিশ্চিত করেছে তাদের পরিবার। নিখোঁজ বাকি শিশুদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি ও উদ্ধার অভিযান চলবে। এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে যুক্ত রয়েছেন স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, ন্যাশনাল গার্ড ও স্বেচ্ছাসেবকরা।
বন্যার কারণ হিসেবে জানানো হয়েছে, গত শুক্রবার সকালে টেক্সাসের গুয়াদালুপ নদী এলাকায় হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। এতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদীর পানি ২৯ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়, যা আশপাশের বহু এলাকা ডুবিয়ে দেয়। ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট—সব কিছুই বন্যার পানিতে তলিয়ে যায়।
আবহাওয়া অধিদফতর জানায়, একদিনে ওই অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত সারা বছরে যে বৃষ্টিপাত হয়, তার অর্ধেকের সমান। এত স্বল্প সময়ের মধ্যে এমন বৃষ্টিপাতে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে।
এই বন্যা টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি তহবিল বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিনিয়ত বদলে যাওয়া পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।