সারাবিশ্ব

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:০৪ এএম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ফের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ জুলাই) তাকে সিউলের একটি আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

রাজধানী সিউলের একটি আদালত ইউনের বিরুদ্ধে মামলার আলামত নষ্ট করার আশঙ্কা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ৬৪ বছর বয়সী এই রাজনীতিককে রাজধানীর একটি নিরাপত্তা জোনে কঠোর পাহারায় রাখা হয়েছে।

এর আগেও এ বছরের শুরুর দিকে একই মামলায় গ্রেপ্তার হয়ে ৫২ দিন আটক ছিলেন ইউন সুক-ইওল। পরে রাজনৈতিক কৌশল ও আলোচনার ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

গ্রেপ্তারের পেছনে রয়েছে ২০২৩ সালের ৩ ডিসেম্বরের একটি বিতর্কিত ঘটনা। ওই দিন দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন জারির সম্ভাবনা নিয়ে বিতর্ক চলাকালে প্রেসিডেন্ট ইউন সংসদে সশস্ত্র বাহিনী মোতায়েন করেন। এ ঘটনায় বেসামরিক সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা দেশটিতে গভীর রাজনৈতিক সংকট তৈরি করে।

চলতি বছরের জানুয়ারিতে তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট গ্রেপ্তার হওয়ার ঘটনা হিসেবে বিবেচিত হয়। তবে তখন কয়েক সপ্তাহ তিনি প্রেসিডেনশিয়াল সিকিউরিটি ইউনিটের সহায়তায় গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন।