সারাবিশ্ব

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: এরদোয়ান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: এরদোয়ান
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছেন তারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে এই আলোচনা হয়। পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে গাজায় চলমান মানবিক সংকট, ইসরায়েলি আগ্রাসন এবং টেকসই শান্তিপ্রক্রিয়া নিয়ে গভীর আলোচনা হয়।

এরদোয়ান বলেন, "গাজায় হত্যা ও ধ্বংস বন্ধে আন্তর্জাতিক ইচ্ছার প্রকাশের দিক থেকে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।"

তিনি আরও জানান, "আমরা আলোচনা করেছি কীভাবে গাজা ও ফিলিস্তিনজুড়ে যুদ্ধবিরতি কার্যকর করা যায় এবং দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা সম্ভব। এই প্রক্রিয়া নিয়ে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।"

ফিলিস্তিনি সংকট নিরসনে দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে আবারও একমাত্র টেকসই পথ হিসেবে উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, "বর্তমান দমন-পীড়নের পরিস্থিতি আর চলতে পারে না। ফিলিস্তিন ও ইসরায়েলের সহাবস্থানের পথ তৈরি করতেই হবে।"

বৈঠকে সিরিয়া ইস্যু নিয়েও আলোচনা হয়। এরদোয়ান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অংশগ্রহণ নতুন সিরীয় সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির পথে ইতিবাচক অগ্রগতি।