সারাবিশ্ব

ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১১ জন নিহত এবং বহু আহত হয়েছেন। এক রাতের অভিযানে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরকবোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্যবস্তু হয়।

বিবিসি জানিয়েছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়ায় হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার হামলা রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, রুশ হামলায় পোলতাভা, খারকিভ এবং কিয়েভ অঞ্চলের প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যা পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী শনিবার (৮ নভেম্বর) জানিয়েছে, রাশিয়ার ৪৫০টির বেশি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। দেশটি দাবি করেছে, হামলায় কেবল ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শুক্রবার রাতে ৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।