সারাবিশ্ব
ঘন কুয়াশায় বিপর্যস্ত হরিয়ানার সড়ক, একের পর এক বাস-ট্রাক-গাড়ির সংঘর্ষ
ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকালে হরিয়ানার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে সামনে থাকা যানবাহন স্পষ্টভাবে দেখা না যাওয়ায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এরপর পেছন থেকে আসা যানবাহনগুলো একের পর এক ধাক্কা দিতে শুরু করলে অল্প সময়ের মধ্যেই সেখানে দুর্ঘটনাকবলিত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক-৫২ তে সকাল আনুমানিক ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্যান্য যানবাহনও নিয়ন্ত্রণ হারিয়ে একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে। এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে একটি মোটরসাইকেলের চালক সামান্য আহত হন এবং তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জাতীয় মহাসড়ক-৩৫২ তে আরও একটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে তিন থেকে চারটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অন্যদিকে রোহতাক এলাকায় ১৫২-ডি মহাসড়কের একটি মোড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা আরও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দিতে থাকে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এই ঘটনায়ও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরে হরিয়ানায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। এলাকাগুলোতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কুয়াশার কারণে যানবাহন চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।