সারাবিশ্ব

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে প্যারিসে প্রতিবাদ সমাবেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে প্যারিসে প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের লড়াকু সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেবে না প্রবাসীরা। সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বক্তারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি ছিল একাধারে প্রতিবাদ ও শহীদ হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্যারিসের তীব্র শীত উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন হাতে সমবেত হন বাংলাদেশিরা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

বক্তারা বলেন, "শহীদ শরীফ ওসমান হাদি কোনো সাধারণ নাম নয়, তিনি একটি চেতনা। তাকে হত্যার মাধ্যমে জুলাই বিপ্লবের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।" সমাবেশে ইনকিলাব মঞ্চ ঘোষিত ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী তার বক্তব্যে বলেন, "আজাদির লড়াইয়ে হাদি এক ধ্রুবতারা। আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই আমাদের পথ দেখাবে।" অন্যদিকে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম সাফ জানিয়ে দেন, শহীদ হাদির হত্যাকারীদের আড়াল করতে দেশে-বিদেশে যে নাটক সাজানো হচ্ছে, তা জনগণ ও জুলাই বিপ্লবের যোদ্ধারা কঠোরভাবে প্রতিহত করবে।

এদিন সমাবেশে দল-মত নির্বিশেষে শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, সাংবাদিক এবং ফ্রান্সে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন গবেষক ইশতিয়াক আকিব, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিলসহ আরও অনেকে।

সমাবেশ শেষে এক আবেগঘন পরিবেশে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।