সারাবিশ্ব

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। দেশটির গত এক দশকের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের উদ্দেশে যাত্রা করা একটি ট্রেন করদোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার সময় দুই ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ও কর্মী ছিলেন, যাদের মধ্যে অনেকে আহত হন।

দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ট্রেনটির সামনের দিকের বগি। আহতদের মধ্যে অন্তত ৪৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন শিশু এবং ১১ জন প্রাপ্তবয়স্ককে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের পর জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহত যাত্রীদের স্ট্রেচারে করে ট্রেন থেকে বের করে আনা হচ্ছে।

স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্টে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা এ ঘটনায় স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ইউরোপের অন্যতম বৃহৎ ও দ্রুতগতির রেল নেটওয়ার্ক রয়েছে স্পেনে। দেশটির বার্সেলোনা, মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাসহ বড় শহরগুলোকে যুক্ত করেছে তিন হাজার কিলোমিটারেরও বেশি উচ্চগতির রেলপথ।