সারাবিশ্ব

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন ইসরায়েলি মন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মে গোলান। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মে গোলান। জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে অংশ নিতে সোমবার (৯ মার্চ) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

ইসরায়েলি সাংবাদিক উরি মিসগাভ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের বিজনেস ক্লাসে বসা গোলানের একটি ছবি প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। এমন সময় তিনি বিদেশ সফরে গেছেন, যখন ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলের আকাশপথে সাধারণ মানুষের যাতায়াত কঠোরভাবে সীমিত করা হয়েছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের আকাশপথ প্রায় বন্ধ রয়েছে। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এর ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দেশ ছাড়তে আগ্রহী মার্কিন নাগরিকদের মিশরের সীমান্ত ব্যবহার করার পরামর্শ দেন।

রোববার বেন গুরিওন বিমানবন্দর আংশিকভাবে চালু করা হলেও যাত্রী চলাচল সীমিত রাখা হয়েছে। বর্তমানে প্রতি ঘণ্টায় মাত্র দুটি ছোট আকারের বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, যেখানে যাত্রী ধারণক্ষমতা ৭০ থেকে ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ।

এ অবস্থায় মে গোলানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্য ভ্লাদিমির বেলিয়াক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধের এই সংকটময় সময়ে যখন সাধারণ মানুষের দেশ ছাড়ার সুযোগ নেই, তখন একজন মন্ত্রীর বিজনেস ক্লাসে বিদেশ সফর জনমনে ক্ষোভ তৈরি করেছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।