সারাবিশ্ব

হরমুজ প্রণালি এড়িয়ে ৩ মাসের জ্বালানি মজুত করলো দক্ষিণ কোরিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

হরমুজ প্রণালি এড়িয়ে ৩ মাসের জ্বালানি মজুত করলো দক্ষিণ কোরিয়া
ছবিঃ সংগৃহিত

দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মুখে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সাফল্য পেয়েছে। দেশটি বিকল্প রুট দিয়ে ২৭ কোটি ৩০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ বুধবার (১৫ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক এই তথ্য জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাজাখস্তান, ওমান, সৌদি আরব এবং কাতার সফর শেষে দেশে ফিরে কাং হুন-সিক বলেন, আমি জাতির উদ্দেশে জানাচ্ছি, চারটি দেশ সফরের মাধ্যমে এ বছরের শেষ নাগাদ ২৭ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি নিশ্চিত করা হয়েছে। এই পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসেরও বেশি সময়ের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম বলে জানান তিনি।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। চলতি সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র এই জলপথে অবরোধ শুরু করায় এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহে চরম ঝুঁকির মুখে পড়ে।

এদিকে কাং হুন-সিক বলেন, গত বছর দক্ষিণ কোরিয়ার প্রায় ৬০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছিল, যা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র অবরোধ শুরু করে।